পার্বতীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে সালমান রহমান (৩) ও ইশরাত জাহান ইভা (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত সালমান রহমান ওই গ্রামের রানা বাবুর ছেলে এবং ইশরাত জাহান ইভা শহিদুল হকের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরের ধারে খেলাধুলা করছিল শিশু সালমান ও ইভা। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত শিশু সালমান পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে যায় শিশু ইভা। সালমানকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে ইভাও পুকুরের পানিতে পড়ে যায়। একপর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়।
পরে তাদের পুকুর থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়। অল্প বয়সী দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার দুটিতে নেমে এসেছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। একই সঙ্গে পুরো জগন্নাথপুর গ্রামজুড়ে বিরাজ করছে শোক ও বিষাদের আবহ।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
একই গ্রামের দুই শিশুর এমন করুণ মৃত্যুতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। পুকুর ও জলাশয়ের আশপাশে শিশুদের চলাফেরার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
ভোরের আকাশ/সু.পা