জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) দুপুরের জেলা আইনজীবী সমিতির ৩য় তলায় আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল বার লাইব্রেরী কক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাকিল মোহম্মদ শরিফুর হায়দার রফিক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এসময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের দূরদর্শী স্থপতি। সংকটে ও সংগ্রামে তাঁর আদর্শই আমাদের পথ দেখায়। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার ছেলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ স্বৈরাচারমুক্ত হয়ে সুশাসন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আমরা শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে এই জনপদের প্রতিটি মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।
বক্তারা আরও বলেন, বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে যখন দেশ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট ও দুর্ভিক্ষের মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিল, তখন জিয়াউর রহমান জনগণকে আত্মনির্ভরশীলতা, উৎপাদন বৃদ্ধি এবং জাতীয় ঐক্যের পথে উদ্বুদ্ধ করেছিলেন।
কৃষি, শিল্প, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে তিনি দেশের উন্নয়নের ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেন। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা,স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালীকরণ, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং জাতীয়তাবাদী চেতনার বিকাশে তাঁর ভূমিকা আজও দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়।
আবেগঘন পরিবেশে স্মরণ করা হয় শহীদ রাষ্ট্রপতিকে সভায় বক্তারা উল্লেখ করেন, হতবম্ভ দিশাহীন জাতি ঘুরে দাঁড়াল শুনি তোমার কণ্ঠধ্বনি,হাতের কোদাল দিল সবুজ বিপ্লব,দুর্ভিক্ষে ক্ষুধার্ত জাতির মুখে ফুটিয়েছিলে হাসি। আজও দেশপ্রেম,আত্মত্যাগ ও উন্নয়নের প্রতীক হিসেবে জিয়াউর রহমানকে স্মরণ করে কোটি মানুষ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানান।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হুমায়ূন কবীর।
ভোরের আকাশ/ র.ই