মাদকবিরোধী বার্তা ছড়াতে চার দিনে ৭০০ কিলোমিটার সাইক্লিং কুড়িগ্রামের দুই তরুণের

মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক কল্যাণের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুড়িগ্রামের দুই তরুণ। এসব বার্তা ছড়িয়ে দিতে মাত্র চার দিনে প্রায় ৭০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে পাড়ি দিয়েছেন তারা। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে যাত্রা শুরু করে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে তাদের গন্তব্য হয় পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা।
এই দুই তরুণ হলেন- মাহামুদুল হাসান মারুফ ও শাহাদাত আলী সৌমিক। মারুফ কুড়িগ্রামের বেলগাছা ইউনিয়নের হরিরাম গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
অন্যদিকে সৌমিক কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি কুড়িগ্রাম সরকারি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন।
জানা গেছে, গত ৩ নভেম্বর তাদের এই ব্যতিক্রমী সাইক্লিং অভিযান শুরু হয়। প্রথম দিন কুড়িগ্রাম সদর থেকে চিলমারী, রৌমারী ও জামালপুর হয়ে শেরপুরে পৌঁছান তারা। এদিন অতিক্রম করেন ১৬৫ কিলোমিটার পথ। দ্বিতীয় দিন শেরপুর থেকে ময়মনসিংহ ও গাজীপুর হয়ে ঢাকায় পৌঁছাতে তাদের সাইকেল চালাতে হয় আরও ১৭৫ কিলোমিটার।
তৃতীয় দিন রাজধানী ঢাকা থেকে মাওয়া হয়ে ১৩৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছান মাদারীপুরে। আর শেষ দিনে মাদারীপুর থেকে ঝালকাঠি, বরিশাল ও পটুয়াখালী হয়ে কুয়াকাটায় পৌঁছান দুই তরুণ। এদিন তাঁদের অতিক্রম করতে হয় ১৯৭ কিলোমিটার পথ।
দীর্ঘ এই যাত্রায় শুধু পথ পাড়ি দেওয়াই তাদের উদ্দেশ্য ছিল না। যাত্রাপথে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়কে পথচারীদের সঙ্গে কথা বলেছেন তারা। বিতরণ করেছেন মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। বিভিন্ন সামাজিক সমস্যা নিয়েও মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করেছেন।
মারুফ ও সৌমিক বলেন, তাদের এই সাইক্লিং অভিযান কেবল ভ্রমণ কিংবা শারীরিক সক্ষমতার পরীক্ষা নয়। এর মাধ্যমে তাঁরা মাদকমুক্ত, সবুজ ও সচেতন বাংলাদেশ গড়ার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে চান। তাঁদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় একজন মানুষও যদি মাদক থেকে দূরে থাকার অনুপ্রেরণা পান কিংবা একটি গাছ লাগাতে উৎসাহিত হন, তাহলেই তাঁদের চার দিনের পরিশ্রম সার্থক হবে।
ভোরের আকাশ/ইউএম