জয়পুরহাটে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় ‘এনগেজ’ প্রকল্প

জয়পুরহাট সদর উপজেলার তিনটি ইউনিয়নে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা তৈরির পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় নতুন একটি প্রকল্প বাস্তবায়ন করছে পিপলস ইউনিয়ন অব দি মারজিনালাইজড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পামডো)।
এনভায়ার্নমেন্টাল হিউম্যান রাইটস ফর আ জাস্ট ট্রানজিশন: স্ট্রেংথেন্ড লোকাল সি-এস-ওস ট্রান্সফর্মিং ক্লাইমেট হটস্পটস ইনটু রেজিলিয়েন্ট কমিউনিটিজ (এনগেজ)' শীর্ষক প্রকল্পটি একনজরে পামডো-এনগেজ প্রকল্প হিসেবে পরিচালিত হচ্ছে। এ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের সাথে আজ সকালে মতবিনিময় করা হয়।
প্রকল্পের আওতায় জয়পুরহাট সদর উপজেলার ধলাহার, দোগাছী ও ভাদসা ইউনিয়নে প্রায় ৫৯০টি পরিবার ও পরোক্ষভাবে ১২ হাজার ৯০০ জন মানুষ উপকৃত হবেন।
প্রকল্পের প্রধান লক্ষ্য হলো আদিবাসী নারী, কৃষক ও যুবকদের মধ্যে জলবায়ু পরিবর্তন ও মানুষসৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, নিজ অধিকার প্রতিষ্ঠায় অংশগ্রহণমূলক নেতৃত্ব বিকাশ এবং আদিবাসীদের বিলুপ্তপ্রায় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে উদ্যোগ গ্রহণ।
প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন, মানুষসৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশগত ঝুঁকি বিষয়ে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, স্থানীয় অংশগ্রহণমূলক উদ্যোগ ও নেটওয়ার্কিং জোরদার করা হবে। পাশাপাশি আদিবাসীদের ভূমি অধিকার, পরিবেশবান্ধব জীবিকায় অংশগ্রহণ নিশ্চিত করা এবং বিলুপ্তপ্রায় আদিবাসী সংস্কৃতি সংরক্ষণে সাংস্কৃতিক দল গঠন, বিভিন্ন পার্বণ উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।
মতবিনিময় সভায় প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন পামডোর নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প পরিচালক হৈমন্তী সরকার। এসময় বক্তব্য রাখেন কমিউনিটি কো-অর্ডিনেটর শাহাবুর রহমান।
প্রকল্প সংশ্লিষ্টরা সাংবাদিকদের জানান, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলা, অধিকার প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভোরের আকাশ/ এনউব