গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ২০

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করেন। তাদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের কারও পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভোরের আকাশ/সু.পা