গোপালগঞ্জে ২ বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি মুদি দোকানে পাউরুটি কিনতে যায় আপন দুই বোন। এ সময় উক্ত দোকানদার সহোদর দুই নয় ও সাত বছর বয়সী শিশুকে ধর্ষণ করেছে এমন অভিযোগ উঠেছে দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় অভিযুক্ত জসিম মুন্সী (৩৫) এর নামে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই জসিম মুন্সী পলাতক রয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের চরপরানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জসিম মুন্সী ওই গ্রামের জামাল মুন্সীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক এবং পাশাপাশি একটি মুদি দোকান পরিচালনা করেন।
ঘটনার সময় ওই দুই শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে জসিমকে আটকের চেষ্টা করলে তিনি সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় দুই শিশুর বাবা সুলতান মিনা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় কাশিয়ানী থানায় মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিশু দুটি জসিমের দোকানে পাউরুটি কিনতে যায়। দোকানে খাবার নেই জানিয়ে জসিম তাদের পাশের একটি বাড়িতে নিয়ে যান এবং ঘরের দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত জসিম কৌশলে পালিয়ে যান।
কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/ইউএম