জামালপুরে মাদক ব্যবসায়ীদের পুনঃপ্রবেশ ঠেকাতে স্মারকলিপি

জামালপুর পৌরসভার মুসলিমাবাদ গ্রামকে স্থায়ীভাবে মাদকমুক্ত রাখার দাবি এবং চিহ্নিত মাদক ব্যবসায়ীদের পুনরায় এলাকায় প্রবেশ ঠেকাতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।
রবিবার (১২ জুলাই) দুপুরে মুসলিমাবাদ এলাকার বাসিন্দাদের উদ্যোগে একটি বিক্ষোভ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে এখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, আনোয়ার হোসেন শাহীন, সেতু সরকার, রুকনুজ্জামান, সাইদুর রহমান, সোহেল রানা খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আনোয়ার হোসেন শাহীন বলেন, দীর্ঘদিন ধরে মুসলিমাবাদ এলাকায় কয়েক জন চিহ্নিত মাদক ব্যবসায়ীর কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন। মাদক ব্যবসাকে কেন্দ্র করে এলাকায় চুরি, ছিনতাই, কিশোর অপরাধ,
ইভটিজিংসহ নানা সামাজিক অপরাধ বেড়ে গেছে। বার বার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। সম্প্রতি এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু যারা এক সময় এলাকায় মাদকের বিস্তার ঘটিয়ে ছিল, তারা আবার ফিরে আসার চেষ্টা করছে। আমরা চাই প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়ে তাদের পুনঃপ্রবেশ বন্ধ করুক এবং মুসলিমাবাদকে স্থায়ীভাবে মাদকমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।”
সমাবেশ থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, তাদের পুনঃপ্রবেশ বন্ধ, মাদক বিরোধী অভিযান জোরদার, এলাকায় নিয়মিত পুলিশ টহল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
পরে মুসলিমাবাদ গ্রামের সাধারণ জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মাদক ব্যবসায়ীরা পুনরায় এলাকায় প্রবেশ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এবং দীর্ঘ দিনের সামাজিক আন্দোলনের সুফল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
ভোরের আকাশ/র.ই