ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা, লবণ ধ্বংস

বগুড়ার শাজাহানপুরে মুড়ি তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বিলাশ দেবনাথ নামে এক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অনুমোদনহীন দুই বস্তা লবণ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদার পুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মুড়ির বস্তায় লেভেলিং না থাকা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা, অনুমোদনহীন লবণ ব্যবহার এবং কারখানায় প্রয়োজনীয় পোশাক না পরার বিষয়গুলো অভিযানে ধরা পড়ে।
এ অপরাধে চেলো গ্রামের অজিত দেবনাথের ছেলে বিলাশ দেবনাথকে বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআই বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানুর হোসেন খান প্রসিকিউশন প্রদান করেন। পরে জব্দ করা অনুমোদনহীন দুই বস্তা লবণ জনসম্মুখে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসী উর্মি। তিনি জানিয়েছে, ভোক্তা অধিকার রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ এনউব