এইচএসসিতে দিনাজপুর বোর্ডসেরা নাফিসা নোশিন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের মানবিক বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে বোর্ডসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিসা নোশিন।
গত ১৮ নভেম্বর (২০২৬) প্রকাশিত ফলাফল মূল্যায়নে তিনি সর্বমোট ১১৮০ নম্বর অর্জন করেন। তাঁর এই অসাধারণ সাফল্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সহপাঠী ও পরিবারের সদস্যদের মাঝে বইছে আনন্দের জোয়ার। নাফিসার এই কৃতিত্বে গর্বিত পুরো সৈয়দপুরবাসী।
নাফিসা নোশিনের এই অভাবনীয় অর্জনে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভবিষ্যতেও তাঁর সাফল্যের এই ধারাবাহিকতা বজায় থাকুক—এমনটাই প্রত্যাশা সবার।
এ বিষয়ে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান লায়ন মো. শফিয়ার রহমান বলেন, “প্রতিষ্ঠার পর থেকেই আমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে দেশের সেরাদের তালিকায় স্থান করে নিয়েছে। নাফিসা নোশিন শুধু সৈয়দপুরের মেয়ে নয়, সে আমাদেরও মেয়ে এবং আমার প্রতিষ্ঠানের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। সে আমাদের প্রতিষ্ঠান ও সৈয়দপুরবাসীর মুখ উজ্জ্বল করেছে। তার এই অর্জনে আমরা অত্যন্ত গর্বিত। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।”
ভোরের আকাশ/ এনউব