চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর শহরে ভেজাল, নাম-ঠিকানাবিহীন ও মেয়াদোত্তীর্ণ রঙ-বার্নিশ বিক্রির দায়ে একটি হার্ডওয়্যার দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরানের নেতৃত্বে শহরের হাজী মহসিন রোড ও চিত্রলেখা মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, মেসার্স চাঁদপুর হার্ডওয়্যার প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে কোনো ধরনের নাম, ঠিকানা, উৎপাদন ও মেয়াদের তারিখ ছাড়াই বিভিন্ন ক্ষতিকর পণ্য সংরক্ষণ ও বিক্রি করতে দেখা যায়। এছাড়া পণ্যগুলোতে ছিল না কোনো খুচরা বিক্রয়মূল্যও। জব্দকৃত পণ্যের তালিকায় ছিল থিনার, তারপিন, রঙ, বার্নিশ এবং সুপার গ্লুর মতো রাসায়নিক সামগ্রী।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান মালিক ভুল স্বীকার করে জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবেন না মর্মে লিখিত অঙ্গীকার দেন।
অভিযানকালে স্থানীয় অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সাধারণ ক্রেতাদের মাঝে ভোক্তা অধিকার সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সহযোগিতা করে। ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা কার্যালয়।
ভোরের আকাশ/ এনউব