বরিশাল কোতয়ালী থানার নবনিযুক্ত ওসির সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বরিশাল কোতয়ালী মডেল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মনিরুল ইসলাম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবনিযুক্ত অফিসার ইনচার্জকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস দমন, চুরি-ছিনতাই প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
নেতৃবৃন্দ বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় পুলিশ প্রশাসনের দায়িত্বশীল, নিরপেক্ষ ও জনবান্ধব ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে থানায় গিয়ে আইনি সহায়তা পেতে পারে এবং অপরাধীরা যেন কোনোভাবেই আইনের ঊর্ধ্বে না থাকে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।
তারা আরও বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
নবনিযুক্ত অফিসার ইনচার্জ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের জন্য ধন্যবাদ জানান এবং থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনানুগ দায়িত্ব পালনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ ইদ্রিস আলী, সহ-সভাপতি শেখ সামছুল আলম মিলন, সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম রফিকুজ্জামান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মাদ নুরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক জাফর আহমাদ সিদ্দিকী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ ফারুক আলম, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মাওলানা মুহাম্মাদ সাইফুল ইসলাম সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক কন্টাক্টর মুহাম্মাদ ফজলুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইব্রাহিম হোসেন প্রমুখ।
ভোরের আকাশ/ইউএম