নড়াইলে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে ঢুকলে স্কুল শিক্ষার্থী নিহত,আহত ছোট বোন

নড়াইলের লোহাগড়ায় পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসতঘরে ঢুকে পড়লে শামীমা আক্তার সেতু (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর ছোট বোন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিতু আক্তার (১২) আহত হয়েছে। রোববার (৫ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলার নলদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী শামীমা আক্তার সেতু এবং আহত শিক্ষার্থী মিতু নলদী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাফিজুর মোল্যার মেয়ে। তারা দুইবোন স্থানীয় বি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অজিত কুমার রায় জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে।ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে।আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/এনউব