আড়াইহাজারে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার, স্ত্রী আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভাড়া বাসা থেকে নাদিম আকন্দ (৩৬) নামে এক ব্যক্তির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের একটি টিনের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে আটক করেছে পুলিশ। তবে পরকীয়া সম্পর্কের অভিযোগে অভিযুক্ত হাকিম মোল্লা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত নাদিম আকন্দ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার উত্তর জাঙ্গালিয়া এলাকার জসিমউদ্দিনের ছেলে। তিনি আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ১৪ অক্টোবর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের ভাড়া দেওয়া টিনের ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। পরে বাতেনের ছেলে বিষয়টি থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে বস্তাবন্দী অবস্থায় নাদিমের মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নাদিমের স্ত্রী খাদিজার সঙ্গে নড়াইল জেলার হাকিম মোল্লা নামে এক ব্যক্তির দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল বলে জানা গেছে। ওই সম্পর্কের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে। অভিযুক্ত হাকিম মোল্লা পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/সু.পা