সাভারে ৫ হাতবোমাসহ যুবক আটক

সাভারের হেমায়েতপুর শ্যামপুর এলাকা থেকে পাঁচটি তাজা হাতবোমাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। পরে আটক ব্যক্তির তথ্যের ভিত্তিতে কাছের আরেকটি এলাকায় বোমা রয়েছে- এমন সন্দেহে একটি তিনতলা ভবন ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে অভিযান চলমান রয়েছে। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় আব্দুল জলিলের মালিকানাধীন ওই ভবনটি ঘিরে ফেলে সিটিটিসি ও পুলিশ সদস্যরা।
নাম প্রকাশ না করার শর্তে এনএসআইয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক আরিফ হোসেনকে কিশোরগঞ্জ থেকে নিবিড়ভাবে অনুসরণ করে আসছিল গোয়েন্দা দল।
সাভারের এই গোপন আস্তানায় বিস্ফোরক তৈরি করে দেশজুড়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছিলেন তিনি। এ ঘটনায় জড়িত অন্য অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে সাভার মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, হেমায়েতপুর শ্যামপুর এলাকা থেকে ৫টি হাতবোমা ও বিস্ফোরকসহ এক যুবককে আটক করেছে সিটিটিসি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরো বলেন, এই বাড়িটি ১ তারিখে ভাড়া নেওয়া হয়েছিল। ভাড়া নিয়ে বিস্ফোরক রাখা হয়। প্রাথমিকভাবে এটিকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) কাজ বলে ধারণা করা হচ্ছে। অভিযানে বাড়িটি থেকে জেএমবির বেশ কিছু লিফলেট এবং কয়েকটি ককটেল সদৃশ্য বস্তু এবং উল্লেখযোগ্য পরিমাণ বোমা তৈরির উপকরণ ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, আটক যুবককে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চলছে। আর এই বাড়িটি ঘিরে রাখা হয়েছে যেন সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। এ ঘটনার পর থেকে শ্যামপুর ও এর আশপাশের এলাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের ওই ভবনের কাছাকাছি যেতে বা আশপাশের এলাকায় অবস্থান করতে বাঁধা দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী।
সিটিটিসির এক কর্মকর্তা জানান, ভবনটির ভেতরে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম জমা করে রাখা হয়েছে বলে তারা তথ্য পেয়েছিলেন। তবে বাড়িটিতে তালা মারা রয়েছে।
তিনি বলেন, আমরা ভেতরে অভিযানের প্রস্তুতি নিচ্ছি।
ভবনের কাছের এক মুদি দোকানদার জানান, প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে সিটিটিসি সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছেন। তারা ভবনের সামনের রাস্তায় সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দিয়েছেন।
ভোরের আকাশ/এম