শিক্ষার্থীরা আমাদের আগামী দিনের স্বপ্ন ও ভবিষ্যৎ: ওয়ারেছ আলী মামুন

জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন এমপি বলেছেন, শিক্ষার্থীরা আমাদের আগামী দিনের স্বপ্ন ও ভবিষ্যৎ। মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি।
এটি মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা নষ্ট করার পাশাপাশি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদককে সবসময় ‘না’ বলতে হবে এবং মাদকাসক্ত বন্ধু বা সহপাঠীকে ঘৃণা না করে তাকে সচেতন ও সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সহযোগিতা করতে হবে।
তিনি আরো বলেন একজন আদর্শ শিক্ষার্থীর পরিচয় শুধু ভালো ফলাফলে নয়, তার সততা, শৃঙ্খলা, সহমর্মিতা, দায়িত্ববোধ, বড়দের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি স্নেহের মধ্যেও প্রকাশ পায়। মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অন্যের প্রতি সম্মান দেখানো এবং সত্য ও ন্যায়ের পথে চলাই মানবিক মূল্যবোধের মূল শিক্ষা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ) সকালে শহরের শহীদ জিয়াউর রহমান কলেজে ২০২৬-২০২৭ একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ এস.এম. আব্দুল্লাহ আল ফুয়াদের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ফাহমিদা বেগমের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ডাক্তার এ.এ. এম আবু তাহের , কলেজ পরিচালনা পরিষদের সদস্য লোকমান আহমেদ খান লোটন ও শহীদুল হক খান দুলাল।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নতুন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, নিয়ম-শৃঙ্খলা, নৈতিকতা ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। পরে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
ভোরের আকাশ/সু.পা