পীরগাছায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন

সমবায়ের মাধ্যমে দেশ গঠন ও সবার জন্য সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে রংপুরের পীরগাছায় উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা প্রদান করা হয়।
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোছা. শারমিন আক্তার।
উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।
এ সময় আরও বক্তব্য দেন পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা, উপজেলা জামায়াতের আমির ও তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, সিনিয়র যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ শরিফ উদ্দিন, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের (কালব) ট্রেজারার মো. জিল্লুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাকিল আহম্মেদ, প্রেসক্লাব পীরগাছার সভাপতি তোজাম্মল হক মুন্সি, নাগদাহ আলাই কুমারী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা, সমৃদ্ধি মহিলা সমবায় সমিতির সভাপতি মোছা. রওশন আরা ও সমবায়ী মোজাম্মেল হক।
আলোচনা সভা শেষে দুজন শ্রেষ্ঠ সমবায়ীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ভোরের আকাশ/সু.পা