নিখোঁজের ১২ ঘণ্টা পর চাঁদপুরের স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড় থেকে উদ্ধার

স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ১৩ বছরের কিশোর রাতুল দেবনাথকে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর তথ্যপ্রযুক্তির নিপুণ ব্যবহারে এই রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান সফল হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
উদ্ধারকৃত রাতুল দেবনাথ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেবনাথের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় স্কুলগামী রাতুল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি; মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। একই দিন সন্ধ্যা সোয়া ৬টায় তার ফেসবুক পেজে ‘Miss you Ma’ স্ট্যাটাস দেখে কুমিল্লার সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের কথা স্মরণ করে আঁতকে ওঠে পরিবার। আতঙ্কিত বাবা বিশ্বজিৎ চন্দ্র দেবনাথ মতলব উত্তর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এসপি মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় সার্কেল এএসপি জাবীর হুসনাইন সানীব ও ওসি মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে গঠিত বিশেষ টিম প্রযুক্তি ব্যবহার করে বান্দরবান সদর থানাধীন দুর্গম পাহাড়ি এলাকা ‘১২ মাইল’ থেকে রাতুলকে উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।
শত শত কিলোমিটার দূরের পাহাড়ি জনপদে সপ্তম শ্রেণির এই কিশোর একা কীভাবে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এটি স্বেচ্ছায় অভিমান বা কৌতূহল, নাকি কোনো পাচারকারী বা সাইবার প্ররোচনার ফল তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, জননিরাপত্তা রক্ষা ও যেকোনো জরুরি সংকটে জেলা পুলিশ পেশাদারত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে; এ ঘটনার পেছনের কারণও উদঘাটনে তদন্ত চলছে।
ভোরের আকাশ/ ইউএম