চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় মাঠে নামছে ৮টি বিশেষ টিম

চাঁপাইনবাবগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আইইডিসিআরের জরিপে জেলায় মশার লার্ভার উপস্থিতি পাওয়া গেছে শতকরা ৩০ ভাগ, যা উচ্চ ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে জেলা জুড়ে গঠন করা হয়েছে ৮টি বিশেষ তদারকি টিম। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডেঙ্গু মশক নিধনবিষয়ক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ড, বাসা-বাড়ি ও নির্মাণাধীন ভবনে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলবে এই দলগুলোর পরিদর্শন। টিমে স্কাউট, রেড ক্রিসেন্ট ও সাংবাদিকদের সাথে ম্যাজিস্ট্রেট যুক্ত থাকবেন, প্রয়োজন অনুযায়ী পরিচালনা করা হবে মোবাইল কোর্ট। জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক জানান, শুধু আইন প্রয়োগ করে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়; প্রয়োজন নাগরিকদের সচেতনতা।
আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, আমাদের এই টিমের সদস্যগণ তারা দায়িত্বশীলতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন এবং একই সাথে সম্মানিত নাগরিকবৃন্দের নিকটও আমি সহযোগিতা চাচ্ছি। সচেতনতা যদি সৃষ্টি হয় এবং আমাদের এই টিম যদি কাজ করে তাহলে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবং পৌরসভায় এই ডেঙ্গু মশা নির্মূল করা সম্ভব। সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন, জেলা প্রশাসনের কর্মকর্তারা, পৌরসভার কর্মকর্তারা ও সাংবাদিক প্রতিনিধিরা।
ভোরের আকাশ/ এনউব