সুন্দরগঞ্জে বাড়িতে ইয়াবা সেবন, ৫ জনের কারাদণ্ড

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবা সেবন ও সংরক্ষণের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩ অক্টোবর ) উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামারপাঁচগাছী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন খামারপাঁচগাছী গ্রামের মো. মতিন মিয়ার ছেলে গাজী মিয়া (৩৪), মৃত আফসার আলীর ছেলে মো. শামছুজ্জামান সরকার (৩৫), মো. ওহেদুল ইসলামের ছেলে মো. এনামুল হক (২৭), মো. নয়া মিয়ার ছেলে মো. রবিউল ইসলাম (৩৭) এবং ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মো. নুরুল আমিনের ছেলে মো. আবু সুফিয়ান (৪৩)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশের নেতৃত্বে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় খামারপাঁচগাছী গ্রামে গাজী মিয়ার বাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। তাদের প্রত্যেকের কাছ থেকে দুই পিচ করে ইয়াবা উদ্ধার করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত গাজী মিয়াকে চার মাস এবং অন্য চারজনকে তিন মাস করে কারাদণ্ড দেন। একই সঙ্গে তাদের মোট ৯৫০ টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ বলেন, 'মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা, সেবন ও সংরক্ষণের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ অব্যাহত থাকবে।'
ভোরের আকাশ/ এনউব