সুন্দরবনে রাস উৎসব ঘিরে কঠোর নিরাপত্তা

সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী ‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের জাহাজ, নিকটবর্তী স্টেশন ও আউটপোস্ট থেকে বিশেষ টহলদল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ডুবুরি দল।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, প্রতিবছরের মতো এবারও বাগেরহাটের সুন্দরবনসংলগ্ন দুবলার চরে শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসবকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বন্যপ্রাণী শিকার প্রতিরোধেও বন বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে সুন্দরবনকে বনদস্যুমুক্ত ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ৪৩ জন বনদস্যুকে আটক করা হয়েছে। একই সঙ্গে বনদস্যুদের হাতে জিম্মি থাকা ৬৩ জন জেলে, দুই পর্যটক ও একজন রিসোর্ট মালিকসহ মোট ৬৬ জনকে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড আরও জানায়, ধারাবাহিক অভিযানের মুখে সুন্দরবনের সাতটি সক্রিয় বনদস্যু বাহিনীর মোট ৬৪ জন সদস্য বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। সুন্দরবনকে নিরাপদ রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
রাস উৎসব চলাকালে যেকোনো জরুরি প্রয়োজনে পুণ্যার্থী ও দর্শনার্থীদের কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
কোস্ট গার্ড এবারের রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।
ভোরের আকাশ/ এনউব