মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি মানিক

চাঁদপুরে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, দীর্ঘদিন পর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই। আমাদের দেশে ফুটবল অনেকটা পিছিয়ে পড়েছে। খেলাধুলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি উপজেলার কাছে অনুরোধ, যেদিন আপনাদের দলের খেলা থাকবে, সেদিন নিজ নিজ উপজেলা থেকে অন্তত ৫০০ জন দর্শক নিয়ে আসবেন। দর্শক ছাড়া খেলা জমে না। মাঠে দর্শকের উপস্থিতি বাড়লে খেলোয়াড়রা উৎসাহিত হবে। পাশাপাশি খেলাধুলার প্রসারের মাধ্যমে চাঁদপুরসহ সারা দেশে মাদকের বিস্তার কমিয়ে আনা সম্ভব হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম।
বিশিষ্ট সাংবাদিক এম আর ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু ও ডি এম শাহাজাহান, চেম্বার অব কমার্সের সহসভাপতি তমাল কুমার ঘোষ।
এছাড়া হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা। এবারের প্রতিযোগিতায় আরও অংশগ্রহণ করছে হাইমচর, মতলব উত্তর, ফরিদগঞ্জ, কচুয়া ও হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।
ভোরের আকাশ/সু.পা