প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে এগোচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের গ্রামাঞ্চল ও তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটাতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
শুক্রবার (৫ জুন) চট্টগ্রামের পটিয়ায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ, জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের জন্য ভাতা চালু এবং ইউনিয়ন থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করার কার্যক্রমের মাধ্যমে দেশের ক্রীড়া খাতকে আরও শক্তিশালী করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশের সব উপজেলায় পর্যায়ক্রমে মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ এগিয়ে চলছে। পটিয়া মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ ও বাজেট অনুমোদনের প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। শিগগিরই আধুনিক সুবিধাসম্পন্ন স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হবে।
আমিনুল হক আরও বলেন, খেলার মাঠ রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে সরকার জাতীয় পর্যায়ে একটি বিশেষ কমিটি গঠন করেছে। এই কমিটির মাধ্যমে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মাঠ সংরক্ষণ এবং ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, সরকারের উদ্দেশ্য হলো দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে খেলাধুলার সুযোগ বৃদ্ধি করা এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে তোলা।
জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের জন্য চালু করা ক্রীড়া ভাতা কর্মসূচির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে প্রায় ৩০০ জন ক্রীড়াবিদ এই সুবিধা পাচ্ছেন। পর্যায়ক্রমে আরও প্রায় ৫০০ জন খেলোয়াড়কে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, ‘নতুন ক্রীড়া স্পোর্টস’ কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় নির্বাচন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে এ কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু হবে। এতে বিদ্যমান প্রতিযোগিতার পাশাপাশি নতুন কিছু ইভেন্টও যুক্ত করা হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এনউব