খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের দায়িত্ব পেলেন মো. আসাদুজ্জামান

দেশের জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার। এর মধ্যে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার দায়িত্ব পেয়েছেন মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর গঠিত সরকার দেশের বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে সরকারি উন্নয়ন কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও এ দায়িত্বের আওতাভুক্ত করা হয়েছে।
দায়িত্ব অনুযায়ী, মো. আসাদুজ্জামান খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন। বিশেষ করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং অপরাধ দমনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অগ্রগতি তদারকি করবেন তিনি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা প্রয়োজনে সংশ্লিষ্ট জেলার বিভিন্ন সভায় অংশ নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন। সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ এবং কার্যপ্রণালি বিধিমালার সংশ্লিষ্ট বিধানের আলোকে এ দায়িত্ব বণ্টন করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা