শ্রীপুরে বিএডিসি সার ডিলারকে এক লাখ টাকা জরিমানা

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল পুরাতন বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে মেসার্স মা ট্রেডার্স নামে এক বিএডিসি সার ও বীজ ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা কৃষি বিপণন অফিস।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নাকোল পুরাতন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে মেসার্স মা ট্রেডার্সে তদারকি করা হয়। এ সময় ১ হাজার ৫০ টাকা দামের এক বস্তা ডিএপি সার ১ হাজার ৪৫০ টাকায় বিক্রির প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ প্রতি বস্তা সারে ৪০০ টাকা বেশি নেওয়া হচ্ছিল।
এ ছাড়া প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক এবং ক্ষতিগ্রস্ত (ড্যামেজ) পণ্য প্যাকেট খুলে খোলা বাজারে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এর আগেও একাধিকবার সতর্ক করা হলেও প্রতিষ্ঠানটি একই ধরনের অনিয়ম করে আসছিল বলে অভিযান সূত্রে জানা গেছে।
পরে অপরাধ স্বীকার করায় মেসার্স মা ট্রেডার্সের মালিক লিটন সাহাকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে বাজারের অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানও তদারকি করা হয়। এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অযৌক্তিকভাবে পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ অভিযানটি পরিচালনা করেন। এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও মাগুরা জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
ভোরের আকাশ/জেআ