জীবননগরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

“করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”—প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
জীবননগর উপজেলা সমবায় কর্মকর্তা নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামসুল আরেফিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম. আর. বাবু ও সাধারণ সম্পাদক নূর আলম।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগে মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম। এ সময় উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা