লোহাগাড়ায় পলাতক ইউপি চেয়ারম্যান আটক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন চরম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিন। রোববার (৭ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বটতলী বিমান বিল্ডিং রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সরকার পরিবর্তনের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা হেলাল উদ্দিন ওই এলাকায় উপস্থিত হলে কয়েকজন তাকে শনাক্ত করেন।
পরে স্থানীয় লোকজন তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
পুলিশ সূত্র জানায়, সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্র আন্দোলন ঘিরে হামলা, সহিংসতা ও নাশকতার অভিযোগে দুটি মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছিল।
লোহাগাড়া থানার তদন্ত কর্মকর্তা প্রশান্ত কুমার ভৌমিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, হেলাল উদ্দিনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এবং স্থানীয় জনগণের সহায়তায় তাকে আটক করা সম্ভব হয়েছে।
ভোরের আকাশ/ র.ই