চাঁদপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং কেন্দ্রীয় যুবদল ঘোষিত দিকনির্দেশনা ও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলা যুবদলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে আরও সতর্ক, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা ও কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে সবাইকে প্রস্তুত থাকতে হবে। দলের ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে জনগণের পাশে দাঁড়ানোর পাশাপাশি যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদল রাজপথে সোচ্চার থাকবে। সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, চাঁদপুর পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল রাজ্জাক হাওলাদারসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া সভায় জেলা, আটটি উপজেলা, পৌর ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক, ১৫টি ওয়ার্ড এবং ১৪টি ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভা শেষে জেলা বিএনপির কার্যালয় থেকে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ ও অবস্থান তুলে ধরেন।
ভোরের আকাশ/ এনউব