বিরলে ধর্মপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্বোধন

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ সাদিক রিয়াজ চৌধুরী (পিনাক)।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান অথিতি দিনাজপুর ২(বিরল, বোচাগঞ্জ)আসনের জাতীয় সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের নিষ্ঠা ও দায়িত্ববোধের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, "শুধু বড় বড় বিল্ডিং বা অবকাঠামো তৈরি করে দিলেই হবে না, শিক্ষার মান যদি উন্নত না হয় তবে সেই ভবন দিয়ে কোনো লাভ নেই। জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকায় শিক্ষকদের বেতন-ভাতা দেওয়া হয়। তাই শিক্ষকদের আরও দায়িত্ববান হতে হবে এবং জনগণের কল্যাণে ও শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রকৃত অবদান রাখতে হবে।"
শিক্ষার্থীদের মাঝে বৈষম্য দূর করার বিষয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে সংসদ সদস্য আরও বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৈষম্যহীন মানসিকতা গড়ে তুলতে সব শিশুর জন্য একই রকম স্কুল ড্রেস, জুতা, ব্যাগ ও শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। যাতে কোনো শিশুর মনে বৈষম্য তৈরি না হয় এবং তারা সুস্থ পরিবেশে সুষ্ঠুভাবে মেধার বিকাশ ঘটাতে পারে। তবে এই উদ্যোগগুলো শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবে প্রমাণ দিতে হবে।"
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য মোঃ আব্দুস সালাম এবং কোষাধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম রেন্টু, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ বেলাল আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ১০ নং রাণীপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজা বেগম এবং সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ধর্মপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। নতুন সম্প্রসারিত ভবন পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ভোরের আকাশ/ এনউব