রায়পুরে ৫০ পিস ইয়াবাসহ পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুরের রায়পুরে ৫০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বামনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জবেদুল্লা চৌকিদার বাড়ির পাশ থেকে তাকে আটক করা হয়।
আটক সাইফুল ইসলাম একই এলাকার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে সাইফুলের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ইয়াবা বিক্রির অভিযোগে উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শান্ত ইসলামের নেতৃত্বে কয়েকজন তাকে ধাওয়া করে আটক করেন। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা পাওয়া যায় বলে দাবি করেন তারা।
আটকের পর স্থানীয়দের জিজ্ঞাসাবাদে সাইফুল এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা কেনার কথা জানিয়েছেন বলেও দাবি করেন স্থানীয়রা। তবে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের সত্যতা এবং মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি এখনো নিশ্চিত নয়।
খবর পেয়ে বামনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলম ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি জানান। পরে রায়পুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাইফুলকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। তাকে আদালতে পাঠানো হয়েছে। তার সঙ্গে আর কারা জড়িত, তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক যুবকের সঙ্গে মাদক সংশ্লিষ্ট অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ভোরের আকাশ/সু.পা