লালমনিরহাটে বিয়ের দাবিতে সহকারী জজের বাড়িতে শিক্ষিকার অনশন

লালমনিরহাটের হাতীবান্ধায় দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের দাবি তুলে বিয়ের দাবিতে এক সহকারী জজের বাড়িতে অনশন করছেন এক স্কুলশিক্ষিকা।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর থেকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের জহির মোড় এলাকায় বিচারক ইউনুস আলীর বাড়িতে অবস্থান নেন আনিকা তাবাসসুম প্রাপ্তি (২৯) নামের ওই শিক্ষিকা। শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত তার অনশন অব্যাহত ছিল।
আনিকা তাবাসসুম প্রাপ্তি টংভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা। তিনি রংপুরের হারাগাছ উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। অন্যদিকে, ইউনুস আলী বগুড়া জজ আদালতে সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনশনরত শিক্ষিকা প্রাপ্তির দাবি, ইউনুস আলীর সঙ্গে তার প্রায় ১১ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। দীর্ঘদিনের এই সম্পর্কের পরও তাকে বিয়ে না করায় তিনি বিচারকের বাড়িতে এসে অনশনে বসেছেন।
প্রাপ্তির অভিযোগ, দীর্ঘদিন ধরে বিয়ের কথা বললেও ইউনুস আলী বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন। সম্প্রতি তিনি জানতে পারেন, ইউনুস আলী অন্যত্র বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। এ খবর জানার পর শুক্রবার দুপুরে তিনি ইউনুস আলীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষিকা ওই বাড়িতে অবস্থান নেওয়ার খবর পেয়ে ইউনুস আলী বাড়ি ছেড়ে চলে যান। এ বিষয়ে তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে। শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/ইউএম