সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে ৪০ গ্রাম হেরোইন রাখার অভিযোগে সবুজ শিকদার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমিন এরায় প্রদান করেন। এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত সবুজ শিকদার টাঙ্গাইল জেলার কালিহাতী থানার ইছাপুর গ্রামের আজাহার আলী শিকদারের ছেলে।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ২১ জানুয়ারি সিরাজগঞ্জ শহরে মাদক বিরোধী অভিযান চালায় সদর থানা পুলিশ। অভিযান চলাকালে পুলিশের কাছে খবর আসে পৌর এলাকার মাহমুদপুর মহল্লায় মাদক দ্রব্য ক্রয়বিক্রয় হচ্ছে। সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিত টের পেয়ে এক যুবক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ৪০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ।
এঘটনায় সদর থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জুয়েল রানা বাদী হয়ে সবুজ শিকদারকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত সবুজ শিকদারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
ভোরের আকাশ/সু.পা