শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড তিন গ্রাম

গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড তিনটি গ্রামের বসতবাড়ি, গাছপালাসহ ফসলের মাঠ। প্রচন্ড ঝড়ো হাওয়ায় উপড়ে গেছে বহু গাছপালা। ঝড়ে ছিড়ে গেছে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর, জাহাঙ্গীরপুর ও ধামলই গ্রামের উপর দিয়ে এই কালবৈশাখী ঝড়ে বয়ে গেছে। এছাড়াও কাওরাইদ ইউনিয়নের কয়েকটি গ্রামে কমবেশি ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় প্রতিটি বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা উপড়ে পড়েছে বসতবাড়ির উপর। এতে বসতবাড়ি ভেঙে গেছে। গবাদিপশুর উপর গাছপালা ভেঙে উপরে পড়ে অনেক কৃষকের গবাদিপশু আহত হয়েছে। বহু কাঁঠালগাছ ভেঙে মৌসুমী ফল কাঁঠালের ক্ষতি হয়েছে। প্রচন্ড ঝড়ো হাওয়ায় পাকাধান খেত মাটিতে মিশে গেছে । শাকসবজিসহ ফসলের ব্যপক ক্ষতি সাধিত হয়েছে। বৈদ্যুতিক সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। শতাধিক পয়েন্ট মেইন লাইন ছিঁড়ে মাটিতে পড়ে গেছে।
হয়দেবপুর গ্রামের বাসিন্দা সালাম বলেন, সকালে হঠাৎ করে কালবৈশাখী ঝড়ে বসতবাড়ির উপর গাছপালা ভেঙে পড়ে। এতে বসতবাড়ির ক্ষতি হয়েছে। অর্ধশতাধিক গাছপালা ভেঙে উপড়ে পড়ে।
জাহাঙ্গীরপুর গ্রামের কৃষক আব্দুল বারেক বলেন, প্রায় সব গাছপালা উপড়ে গেছে। একটি গাছও দাঁড়িয়ে নেই। ঝড়ের গতি অনেক ছিলো। ভয়ে নারী শিশুরা কান্নাকাটি শুরু করে।
হয়দেবপুর গ্রামের বাসিন্দা রফিকুল বলেন, প্রচন্ড ঝড়ে আমাদের গ্রামে কমপক্ষে শতাধিক পয়েন্টে বৈদ্যুতিক সংযোগ লাইনের মেইন লাইন ছিঁড়ে মাটিতে পড়ে রয়েছে। দীর্ঘ সময়ের জন্য গ্রামে বিদ্যুৎহীন থাকবে।
কাওরাইদ পল্লী বিদুৎ অফিসের এজিএম মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, কালবৈশাখী ঝড়ে বহু পয়েন্টে মেইন লাইন ছিঁড়ে মাটিতে পড়ে রয়েছে। ধরে নিতে পারেন দীর্ঘ সময়ের জন্য তিনটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। অনেক গাছপালা মেইন লাইনের উপর এগুলো সরিয়ে নিতে অনেক সময়ের প্রয়োজন।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বলেন, সকালের কালবৈশাখী ঝড়ে স্থানীয় কৃষকদের বোরোধানসহ শাকসবজির অনেক ক্ষতি হয়েছে। মাঠকর্মীদের পাঠানো হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকার জন্য।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. ভূঁঞা বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক বিষয়ের খোঁজ খবর নিতে সংশ্লিষ্টদের নিদর্শনা দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/এনউব