সাবেক রাষ্ট্রপতির তিন দিনের পাবনা সফর

সাবেক রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন তিনদিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন। তিনি বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় ঢাকার গুলশান নিজ বাসভবন থেকে সড়কপথে পাবনায় এসে পৌঁছান এবং পাবনা সার্কিট হাউসে এসে ওঠেন। এসময় স্বজনরা এবং নানা শ্রেণিপেশার মানুষ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাবেক রাষ্ট্রপতি বিকালে পাবনার আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করেন। বৃহস্পতিবার রাত ৮ টা ২০ মিনিটে তিনি পাবনা প্রেসক্লাবে যান।
সেখানে সতীর্থ সাংবাদিক সহকর্মীদের সঙ্গে তিনি আড্ডায় মিলিত হন। পাবনার কৃতী সন্তান সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৬৬ বছরের ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের সম্মানিত আজীবন সদস্য। তিনি একসময় সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন।
জানা গেছে, তিনি (সাবেক রাষ্ট্রপতি) ১৩ সেপ্টেম্বর পর্যন্ত পাবনায় থাকবেন এবং এসময়ে আত্মীয় স্বজনসহ সুধীজনের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর নিজ জেলা পাবনায় এটি তার দ্বিতীয় সফর। সর্বশেষ গত ২৮ মার্চ রাষ্ট্রপতি থাকাকালে তিনি নিজ জেলা সফরে আসেন। এদিকে রীতি অনুযায়ী সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তায় এসএসএফ ও পিজিআর এর সদস্যরা নিয়োজিত রয়েছেন। সাবেক রাষ্ট্রপতি ১৩ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।
ভোরের আকাশ/সু.পা