আলমডাঙ্গায় দায়িত্ব নিয়েই নির্বাচন কর্মকর্তা মেজর আহমেদের ব্যতিক্রমী উদ্যোগ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসে দায়িত্ব গ্রহণের পর সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ব্যতিক্রমী কিছু উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার মো. মেজর আহমেদ।
চলতি বছরে ১মার্চ থেকে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসারের দায়িত্ব গ্রহণের পর থেকেই অফিসের সেবাপ্রত্যাশীদের সুবিধার বিষয়টি গুরুত্ব দিয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অফিসে টানানো ব্যানারে স্পষ্টভাবে বলা হয়েছে, এই অফিসে কোনো নগদ টাকার লেনদেন হয় না, আমি ও আমার অফিস দুর্নীতিমুক্ত। পাশাপাশি সেবার জন্য নির্ধারিত ফি ব্যাংকের নির্দিষ্ট কোডের মাধ্যমে জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এছাড়া অফিসে সেবাগ্রহীতাদের সঙ্গে কর্মকর্তাদের আচরণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরির বার্তাও দেওয়া হয়েছে। একটি ব্যানারে লেখা রয়েছে, আমাকে স্যার না বলার জন্য ধন্যবাদ। এতে সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের আরও সহজ ও স্বাভাবিক সম্পর্ক তৈরির বার্তা ফুটে উঠেছে।
স্থানীয়রা বলছেন, সরকারি দপ্তরে সেবার ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে কোনো ধরনের নগদ লেনদেন না করার নির্দেশনা সেবাগ্রহীতাদের মধ্যে সচেতনতা তৈরিতে সহায়ক হবে।
দায়িত্ব গ্রহণের পর একজন নির্বাচন কর্মকর্তার এমন উদ্যোগ স্থানীয়ভাবে ইতোমধ্যে ইতিবাচক আলোচনা তৈরি করেছে। সেবা নিতে এসে যেন কাউকে হয়রানি বা অতিরিক্ত অর্থ প্রদানের পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। এমন একটি বার্তাই যেন তুলে ধরছে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসের এসব উদ্যোগ।
ভোরের আকাশ/আ.র