রূপগঞ্জে হাত-পা বাঁধা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল নতুন শহর প্রকল্পের একটি ঝোপ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পূর্বাচল ৯ নম্বর সেক্টরের একটি ফাঁকা প্লট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ৯ নম্বর সেক্টরের একটি ফাঁকা প্লটের ঝোপের ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পূর্বাচল পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুনুর রশিদ জানান, উদ্ধার হওয়া যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো একসময় ওই যুবককে হাত-পা বেঁধে হত্যা করে মরদেহটি ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
ভোরের আকাশ/সু.পা