চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের মহামায়া বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩ অক্টোবর) চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। এর মধ্যে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ এবং বাসি খাবার কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণের অপরাধে রুচি হালিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি ও ক্রেতাকে বিক্রির রশিদ না দেওয়ার অপরাধে আবু সালেহ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ফলে প্রতিষ্ঠান দুটিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চাঁদপুর জেলা কার্যালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।
অভিযানের অংশ হিসেবে মহামায়া বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/জেআ