দাবি নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দ্বারস্থ এইচএসসি পরীক্ষার্থীরা

বন্যার কারণে স্থগিত হওয়া ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা দ্রুত আয়োজন এবং পরীক্ষাগুলোর মধ্যে যৌক্তিক বিরতি রেখে নতুন রুটিন প্রকাশের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন পরীক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ ও ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের কয়েকজন পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উপস্থিত হয়ে তাদের দাবিগুলো লিখিতভাবে তুলে ধরেন।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, বন্যার কারণে পরীক্ষার সূচিতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দ্রুত দূর করতে হবে। একই সঙ্গে এমন একটি রুটিন প্রকাশের দাবি জানান, যাতে প্রতিটি পরীক্ষার মধ্যে পর্যাপ্ত ও যৌক্তিক বিরতি থাকে এবং শিক্ষার্থীরা মানসিক চাপ ছাড়াই প্রস্তুতি নেওয়ার সুযোগ পান।
এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পরীক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেন। তিনি প্রতিনিধিদের আশ্বস্ত করে জানান, তাদের দাবিগুলো সোমবার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আলোচনা শেষে সিদ্ধান্ত জানানো হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল তাদের কয়েকটি যৌক্তিক দাবি নিয়ে বোর্ডে এসেছিল। বোর্ডের চেয়ারম্যান স্মারকলিপি গ্রহণ করেছেন এবং বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তাদের জানিয়েছেন।
স্মারকলিপি প্রদানকালে চট্টগ্রাম কলেজের এস এম নাজিফ নূর, মোহাম্মদ জাঈদুল কবির, মারুফ হোসেন তাসিন, মো. মাহতাবুর রহমান, শাদমান করিম ও মো. হাসিবুল মজিদ অয়ন, সরকারি সিটি কলেজের মো. জায়েদ চৌধুরী, মো. রইস জামাল ওয়াফি ও তৌসিফ মাহমুদ এবং ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শাহরিয়ার হাশিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এনউব