কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় হপ লুন অ্যাপারেলসে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প

কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বাড়াতে নিজেদের কারখানায় ‘মৌসুমি রোগ থেকে সুরক্ষা ও সচেতনতা ক্যাম্প’ আয়োজন করেছে হপ লুন অ্যাপারেলস লিমিটেড। ব্র্যাক হেলথকেয়ারের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে কর্মীদের স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি কারখানার নিজস্ব মেডিক্যাল সেন্টারে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
ক্যাম্পে রোগ প্রতিরোধ, স্বাস্থ্যবিধি, খাদ্যাভ্যাস ও সুস্থ জীবনযাপন নিয়ে কর্মীদের বিভিন্ন পরামর্শ দেন স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা। পাশাপাশি কর্মীদের রক্তে শর্করার মাত্রা, রক্তচাপ ও রক্তে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করা হয়।
স্বাস্থ্য পরীক্ষায় কোনো কর্মীর শারীরিক সমস্যা শনাক্ত হলে হপ লুনের নিজস্ব চিকিৎসকেরা তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা দেন। ফলে একই আয়োজন থেকে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা—দুটিই পেয়েছেন কর্মীরা।
এ সময় ব্র্যাক হেলথকেয়ারের স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা কর্মীদের সঙ্গে সরাসরি স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সাধারণ রোগ প্রতিরোধের উপায়, কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন এবং কর্মক্ষেত্র ও বাড়িতে কীভাবে সুস্থ থাকা যায়—এসব বিষয়ে তাঁদের পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে সুস্থতার সঙ্গে কর্মদক্ষতার সম্পর্ক নিয়েও আলোচনা করা হয়।
স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা বলেন, একজন কর্মী সুস্থ থাকলে তাঁর কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও এর ইতিবাচক প্রভাব পড়ে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস কর্মীদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে এবং প্রয়োজনের সময় চিকিৎসা নিতে সহায়তা করে।
ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের কিউএ ও পেশেন্ট এক্সপেরিয়েন্স ম্যানেজার ডা. তাহমিদ হাসান প্রবাদ বলেন, কর্মীদের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগে যুক্ত হয়েছে ব্র্যাক হেলথকেয়ার। শারীরিকভাবে সুস্থ থাকলে কর্মীরা কর্মস্থলে আরও স্বাচ্ছন্দ্য ও মনোযোগের সঙ্গে কাজ করতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।
হপ লুন বাংলাদেশের সোশ্যাল ইনিশিয়েটিভস হেড গুলশান আরা বলেন, কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা প্রতিষ্ঠানটির অন্যতম অগ্রাধিকার। স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহজলভ্য করাও সমান গুরুত্বপূর্ণ। এ উদ্যোগের মাধ্যমে কর্মীদের জন্য দুই দিকই নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি।
পোশাক কারখানায় কর্মীদের দীর্ঘ সময় শারীরিক পরিশ্রম করতে হয়। ফলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা তাঁদের জন্য গুরুত্বপূর্ণ। এ হেলথ ক্যাম্পের মাধ্যমে কর্মস্থলেই প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ নেওয়ার সুযোগ পেয়েছেন হপ লুনের কর্মীরা।
কর্মীদের স্বাস্থ্য ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ভোরের আকাশ/জেআ