এসডিজি অর্জনে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর না করে পানি, শিক্ষা, সমাজকল্যাণ ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শুধু ওষুধ, স্যালাইন বা সিরিঞ্জ দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়; রোগ প্রতিরোধের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়ন ও পর্যালোচনা বিষয়ক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসডিজির তৃতীয় লক্ষ্য অর্জনে স্বাস্থ্য খাতের পাশাপাশি পানি, শিক্ষা ও সমাজকল্যাণের মতো খাতগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এর সঙ্গে শিক্ষা, আইনশৃঙ্খলা এবং জেন্ডার বৈষম্য কমানোর বিষয়গুলোও যুক্ত করতে হবে। তিনি বলেন, ‘শুধু ওষুধ বা স্যালাইন দিয়ে এসডিজি গোল অর্জন সম্ভব নয়। এর মূল ভিত্তি হতে হবে রোগ প্রতিরোধ।’
গ্রামাঞ্চলের স্যানিটেশন ব্যবস্থার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বিশুদ্ধ পানি নিশ্চিত করার পাশাপাশি মানুষের অস্বাস্থ্যকর অভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন আনতে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট ও লবণাক্ততার কারণে মানুষ বাধ্য হয়ে হলুদাভ পানি পান করছে। গত মাসে প্যারিস সম্মেলনে তিনি বিষয়টি তুলে ধরেছেন এবং সেখানে আন্তর্জাতিক সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে বলেও জানান।
শিশুদের অতিরিক্ত মোবাইল ও স্ক্রিন ব্যবহারের পাশাপাশি জাঙ্ক ফুড ও ফাস্টফুডের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
পরিকল্পনা কমিশনের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর দায়িত্ব দিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়। পানি, স্বরাষ্ট্র, সমাজকল্যাণ ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে অন্তত দুই মাসে একবার বৈঠক করে যৌথভাবে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা প্রয়োজন। এ ছাড়া বাল্যবিয়ে রোধ, মায়েদের সচেতনতা বৃদ্ধি, শিশুকে বুকের দুধ খাওয়ানো এবং পুষ্টি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী।
সেন্টার ফর পলিসি ডায়লগের সম্মানিত ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং গেস্ট অব অনার হিসেবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিনজ বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা