স্বাস্থ্য সেবা

১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট দ্বিতীয় ইউনিট আগামী ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আগামী ১৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালটির দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন। তিনি হাসপাতালটি পরিদর্শন করলে এর উন্নয়নে যা যা প্রয়োজন, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে আমি বিশ্বাস করি।”

তিনি বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারের আলোকে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করা হবে। এর ফলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আসতে হবে না। গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “প্রধানমন্ত্রী নীতিগত দিকনির্দেশনা দেবেন, আর আমরা তা বাস্তবায়ন করব। সরকারের সফলতা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত দুই মাস ধরেই সরকার প্রস্তুতি নিয়ে কাজ করছে। জেলা প্রশাসক, সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সিটি করপোরেশনের প্রশাসকদের সমন্বয়ে প্রতিটি জেলায় কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে পরিচ্ছন্নতা অভিযান, মশার লার্ভা ধ্বংসে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ এবং উড়ন্ত মশা নিধনে স্প্রে কার্যক্রম চালানো হচ্ছে।

তিনি আরও জানান, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি তুলনামূলক ভালো। রোগী ব্যবস্থাপনার জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত স্যালাইন মজুত রাখা হয়েছে, চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং ভ্রাম্যমাণ হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো রোগী স্যালাইনের সংকটে না পড়েন।

সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সবার জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণ জরুরি। এ লক্ষ্যে দেশের অন্তত চারটি পুরোনো বিভাগীয় শহরে নিউরোসায়েন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, এসব প্রতিষ্ঠানে দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক গড়ে তুলতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খান খসরুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস

ভোরের আকাশ/সু.পা

১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান | স্বাস্থ্য কথা