২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ২৭১ জন আক্রান্ত

ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে নতুন করে ২৭১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৪৫ জন, বরিশাল ও খুলনা বিভাগে ৬৩ জন করে, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ২ জন রয়েছেন।
চলতি বছরের ৫ জুলাই পর্যন্ত দেশে মোট ৬ হাজার ৮৭১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই ৭৬৭ জন এবং জুন মাসে সর্বোচ্চ ২ হাজার ৯০৭ জন আক্রান্ত হন।
এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৪ শতাংশ নারী। মোট মৃত্যুর সংখ্যা ১৯ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪৭ দশমিক ৪ শতাংশ নারী।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদিকে চলতি বছরে এখন পর্যন্ত ৬ হাজার ৪০৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে দেশে ডেঙ্গুর প্রভাব ব্যাপক ছিল। ২০২৩ সালে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্ত এবং ৫৭৫ জনের মৃত্যু হয়। আর ২০২৫ সালে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মৃত্যুর সংখ্যা ৪১৩ জনে পৌঁছেছে।
ভোরের আকাশ/সু.পা



