৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি করার নির্দেশ

ছবি: সংগৃহীত
ডেঙ্গু রোগ দ্রুত শনাক্তে দেশের সব সরকারি হাসপাতালে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এনএস-১ (NS1) পরীক্ষা বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস-১ পরীক্ষা বিনামূল্যে চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ নির্দেশনার বিষয়টি জানিয়ে দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত ১৪ জুন ডেঙ্গু পরিস্থিতির সম্ভাব্য অবনতির কথা বিবেচনায় নিয়ে বিনামূল্যে এনএস-১ পরীক্ষার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় সম্মতির জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছিল।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু দ্রুত শনাক্ত করা গেলে সময়মতো চিকিৎসা নিশ্চিত করা সহজ হয়। তাই বিনামূল্যে এনএস-১ পরীক্ষার সুবিধা রোগীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভোরের আকাশ/সু.পা



