স্বাস্থ্য প্রশাসন

৫০ শয্যার সব হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, দেশের সব উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বুধবার (৩ জুন) তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। বর্তমানে বাকি ৮টি উপজেলায় ১০০ শয্যার হাসপাতাল রয়েছে। এসব স্থানে প্রয়োজন অনুযায়ী নতুন ভবন নির্মাণ করা হবে।

মন্ত্রী আরো বলেন, “৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার কার্যক্রম আজ থেকেই শুরু করছি। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল, অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করা হবে।”

গ্রামীণ স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। প্রতিটি উপজেলা হাসপাতালে একজন নারী ও একজন পুরুষ ফিজিওথেরাপিস্টের পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে।

সাখাওয়াত হোসেন আরও বলেন, দেশের পাঁচটি বিভাগীয় শহরে ২০০ শয্যার শিশু বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। আগামী ছয় মাসের মধ্যে এসব হাসপাতালের কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। হাসপাতালগুলোতে প্রয়োজনীয় জনবল ও আধুনিক চিকিৎসাসুবিধা নিশ্চিত করা হবে।

তিনি জানান, বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে দেশের পাঁচটি বড় শহরে এক হাজার শয্যার পাঁচটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। আধুনিক নকশায় নির্মিত এসব হাসপাতাল নারীদের চিকিৎসাসেবার জন্য বিশেষভাবে ব্যবহৃত হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দুর্নীতির চক্র থেকে স্বাস্থ্যখাতকে বের করে এনে নতুনভাবে সাজানো হবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবাকে আরও সহজ, কার্যকর ও জনমুখী করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

ভোরের আকাশ/সু.পা

৫০ শয্যার সব হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী | স্বাস্থ্য কথা