বিএমইউতে রেজিস্ট্রার পদে দায়িত্ব পেলেন মোস্তফা কামাল

অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যানেসথেসিয়া, এনালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল।
২১ এপ্রিল ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, অধ্যাপক ডা. মোস্তফা কামালকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে রেজিস্ট্রার পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
অধ্যাপক ডা. মোস্তফা কামাল বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ান্স-এর সম্মানিত সভাপতি। তিনি অ্যানেসথেসিওলজি ও পেইন মেডিসিন গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং সংশ্লিষ্ট পেশাগত সংগঠনের বিভিন্ন কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছেন।
বিএমইউর রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ আশা প্রকাশ করেছেন যে তাঁর প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে এবং দেশের চিকিৎসা সেবার মান উন্নত ও সমৃদ্ধ হবে।
ভোরের আকাশ/সু.পা



