চট্টগ্রামে লাইসেন্সবিহীন তিন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত

ছবি: সংগৃহীত
স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স না থাকায় চট্টগ্রাম নগরের তিনটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সব ধরনের সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহের নির্দেশও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি এবং চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নগরের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শনকালে এ নির্দেশনা দেন।
বন্ধের নির্দেশ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন, বায়ো ল্যাব ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং হেলথ আইকন ল্যাব অ্যান্ড কনসালটেশন পয়েন্ট।
পরিদর্শন শেষে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা গেছে, তাদের স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নেই। এ কারণে লাইসেন্স প্রাপ্তি না হওয়া পর্যন্ত সব ধরনের সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাত দিনের মধ্যে লাইসেন্স গ্রহণের জন্যও বলা হয়েছে। তবে তিনি জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসকেরা ব্যক্তিগত চেম্বার পরিচালনা করতে পারবেন।
ডা. সেখ ফজলে রাব্বি আরও বলেন, কোনো নতুন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান শুধু লাইসেন্সের জন্য আবেদন করলেই সেবা কার্যক্রম পরিচালনার অনুমতি পায় না। ‘আবেদিত’ উল্লেখ করে অনুমোদন পাওয়ার আগেই কার্যক্রম পরিচালনা করা আইনসম্মত নয়। এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত পরিদর্শন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জানা গেছে, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় এবং চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় নিয়মিতভাবে নগরের হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করে থাকে। পরিদর্শনের সময় কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
ভোরের আকাশ/সু.পা



