ডেঙ্গু এখন শুধু শহরে নয়, ছড়িয়ে পড়ছে গ্রামেও

ছবি: সংগৃহীত
বর্ষার বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। গত মাসে যেখানে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১৯২ জন, চলতি মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৫ জনে। এক মাসের ব্যবধানে আক্রান্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। তাদের আশঙ্কা, আগস্ট ও সেপ্টেম্বর মাসে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ডেঙ্গু এখন আর শুধু শহরকেন্দ্রিক নয়; এর বিস্তার ঘটছে গ্রামাঞ্চলেও।
বর্ষার বৃষ্টিতে বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার প্রজনন বাড়ছে। ফলে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও। বাসাবাড়ির ফুলের টব, পরিত্যক্ত পাত্র, নির্মাণাধীন ভবনের জমে থাকা পানি, ব্যবহৃত টায়ার, ডাবের খোসা কিংবা প্লাস্টিকের পাত্র—যেকোনো ছোট জলাধারই এডিস মশার প্রজননস্থলে পরিণত হচ্ছে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, "যেখানে গ্যারেজে ভাঙা গাড়ি, পরিত্যক্ত টায়ার বা বিভিন্ন ধরনের ভগ্নাবশেষ পড়ে থাকে, সেসব স্থানেই বেশি এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে।" হাসপাতালে ভর্তি এক ডেঙ্গু রোগী জানান, "হঠাৎ করেই আমার প্রচণ্ড মাথাব্যথা শুরু হয়। প্রথমে ভেবেছিলাম একটু ঘুমালেই হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু পরে রাতে কাঁপুনি দিয়ে জ্বর আসে। তখন হাসপাতালে এসে পরীক্ষা করানোর পর ডেঙ্গু ধরা পড়ে।"
চিকিৎসকদের মতে, বর্তমানে শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও এডিস মশার উপস্থিতি বাড়ছে। তাই জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা, বমি কিংবা রক্তক্ষরণের মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
কুমিল্লা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. হেলাল উদ্দিন বলেন, "ডেঙ্গুর বিস্তার এখন গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। তাই সবাইকে আরও বেশি সতর্ক হতে হবে। গ্রামাঞ্চলে এডিস মশার বিস্তারের সুযোগও বেশি। আমাদের হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আলাদা কর্নারসহ প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। রোগীর সংখ্যা বাড়লেও আমরা তা মোকাবিলায় প্রস্তুত।"
এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা না গেলে নতুন করে মশার জন্ম হবে এবং সংক্রমণের ঝুঁকিও বাড়তে থাকবে। এ কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরজুড়ে মশক নিধন কার্যক্রম জোরদার করার কথা জানিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, "ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। কোথাও যেন দীর্ঘদিন পানি জমে না থাকে, বিশেষ করে টায়ার, টব কিংবা যেকোনো পাত্রে। নিজেদের বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার রাখতে হবে।"
বিশেষজ্ঞদের মতে, শহরের পাশাপাশি এখন গ্রামাঞ্চলেও এডিস মশার প্রজননস্থল তৈরি হচ্ছে। তাই শুধু সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে, নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
ভোরের আকাশ/সু.পা



