স্বাস্থ্য সেবা

ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে রোগীর চাপ সামাল দিতে প্রয়োজনে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও অন্যান্য ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, চলতি জুলাই ও আগামী আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

তিনি বলেন, থানা, উপজেলা ও জেলা পর্যায়ে ডেঙ্গু শনাক্তে এনএস১ (NS1) কিট পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা ও দেশের অন্যান্য শহরের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। রোগীর সংখ্যা বেড়ে গেলে হাসপাতালের শয্যা ও চিকিৎসাসেবা আরও সম্প্রসারণ করা হবে।

সাখাওয়াত হোসেন বলেন, দেশে সব ধরনের প্রয়োজনীয় ভ্যাকসিন, রি-এজেন্ট ও স্যালাইনের পর্যাপ্ত মজুত রয়েছে। পরিস্থিতির প্রয়োজন হলে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ হাসপাতালও চালু করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়ন পর্যায় থেকে সমন্বিত কার্যক্রম পরিচালনার কথাও জানান তিনি। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে তিনি আরও জানান, আগামী ১০ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন। তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমানও থাকবেন। এ সফরের মাধ্যমে হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে ক্যানসার নির্ণয়ের জন্য অত্যাধুনিক মাইক্রোস্কোপ ও অন্যান্য ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর করা হয়। নতুন প্রযুক্তির মাধ্যমে ক্যানসার শনাক্তকরণ আরও দ্রুত, নির্ভুল ও কার্যকর হবে বলে জানানো হয়।

ভোরের আকাশ/সু.পা

ডেঙ্গু মোকাবিলায় প্রয়োজনে ভ্রাম্যমাণ হাসপাতাল চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী | স্বাস্থ্য কথা