ডেঙ্গুর ধরন বদলে ঢাকায় : ডেন-৩-এর আধিপত্য, বাড়ছে মৃত্যুঝুঁকি

ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকাতেই মারা গেছেন ৩৪ জন। একই সময়ে সারাদেশে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ২৫ হাজার।
এর মধ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গু ভাইরাসের সেরোটাইপের পরিবর্তন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, গত চার বছর দেশে ডেন-২ সেরোটাইপের আধিপত্য থাকলেও এবার ঢাকাসহ কয়েকটি জেলায় ডেন-৩ বেশি শনাক্ত হচ্ছে। ঢাকায় ডেঙ্গু আক্রান্ত ৭১ জনের নমুনা বিশ্লেষণ করে ৯১ দশমিক ৫ শতাংশে ডেন-৩ এবং ৮ দশমিক ৫ শতাংশে ডেন-২ পাওয়া গেছে। গবেষকদের মতে, এই পরিবর্তনের কারণে ডেঙ্গুতে আক্রান্তদের জটিলতা ও মৃত্যুঝুঁকি বাড়তে পারে।
আইইডিসিআরের গবেষকেরা জানান, গত বছর ঢাকায় ডেন-২ ছিল ৪৮ শতাংশ এবং ডেন-৩ ছিল ৩৫ শতাংশ। তবে এবার ডেন-৩-এর দিকে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। দেশের অন্যান্য জেলাতেও ডেন-২ থেকে ডেন-৩-এর দিকে পরিবর্তন লক্ষ্য করা গেলেও ঢাকার মতো ব্যাপকভাবে নয়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আগে ডেন-২-এ আক্রান্ত ব্যক্তিদের শরীরে তৈরি হওয়া প্রতিরোধক্ষমতা ডেন-৩-এর ক্ষেত্রে একইভাবে সুরক্ষা নাও দিতে পারে। ফলে দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্তদের জটিলতা ও মৃত্যুঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।
আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, দীর্ঘদিন ডেন-২-এর আধিপত্য থাকায় অনেকের শরীরে এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এখন ডেন-৩ ছড়িয়ে পড়ায় সেই সুরক্ষা কার্যকর নাও হতে পারে। এতে মৃত্যুঝুঁকি বাড়ার পাশাপাশি ডেঙ্গুর প্রাদুর্ভাব নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে।
আইইডিসিআরের পরিচালক ডা. কাজী আহমেদ জাকী জানান, ডেন-৩-এর কারণে রোগীদের দ্রুত ডেঙ্গু শক সিনড্রোমের মতো জটিলতা দেখা দিতে পারে। আগামী মাস থেকে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জ্বর হলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি।
এদিকে দেশের ৬৪ জেলাতেই ডেঙ্গুর সংক্রমণ ছড়িয়েছে। জেলা হিসেবে পিরোজপুরে সংক্রমণ তুলনামূলক বেশি। গবেষকদের মতে, বিভিন্ন এলাকায় জমে থাকা পানিতে বিপুল পরিমাণ এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। জনসচেতনতার ঘাটতিকেও সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে মোট হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৬০১ জন। এর মধ্যে মারা গেছেন ৭৪ জন।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—১০ হাজার ২২৫ জন। এরপর বরিশালে ৪ হাজার ৫৫৯, চট্টগ্রামে ৪ হাজার ১০৬, খুলনায় ৩ হাজার ৪৬৭, ময়মনসিংহে ১ হাজার ২২৩, রাজশাহীতে ১ হাজার ১৭০ এবং রংপুরে ৭০৫ জন। সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছেন সিলেট বিভাগে, ১৩৬ জন।
ভোরের আকাশ/সু.পা



