স্বাস্থ্য সেবা

দেশ জুড়ে হামের প্রাদুর্ভাব: পুষ্টিহীনতায় বাড়ছে মৃত্যু

একুশ শতকে চিকিৎসাবিজ্ঞানে যখন বহু সংক্রামক রোগ নিয়ন্ত্রণের আওতায়, তখন ‘হাম’ আবার নতুন করে আলোচনায়। একে অনেকেই হালকা জ্বর-ফুসকুড়ির রোগ ভেবে অবহেলা করেন, কিন্তু বাস্তবে এটি এমন একটি ভাইরাসজনিত সংক্রমণ, যা অল্প সময়েই একটি জনপদে নীরব বিস্ফোরণ ঘটাতে পারে। বিশে

একুশ শতকে চিকিৎসাবিজ্ঞানে যখন বহু সংক্রামক রোগ নিয়ন্ত্রণের আওতায়, তখন ‘হাম’ আবার নতুন করে আলোচনায়। একে অনেকেই হালকা জ্বর-ফুসকুড়ির রোগ ভেবে অবহেলা করেন, কিন্তু বাস্তবে এটি এমন একটি ভাইরাসজনিত সংক্রমণ, যা অল্প সময়েই একটি জনপদে নীরব বিস্ফোরণ ঘটাতে পারে। বিশেষজ্ঞরা একে ‘airborne super-spreader disease’ বলেও অভিহিত করেন।

সারা দেশের হাসপাতালে হামের রোগীর চাপ বাড়ছে। ভর্তি যেমন বাড়ছে, তেমন মৃত্যুও। গত চার দিনে হামের লক্ষণ নিয়ে মৃত্যু হয়েছে ২১ জনের। আর গত ২১ দিনে হামের লক্ষণ নিয়ে মৃত্যু হয়েছে ১১৩ জনের এবং পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে আরও ১৭ জনের। এ পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১৩০-এ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই ২১ দিনে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ৭৬১০ জন, এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪৭০ জন এবং ছাড়পত্র পেয়েছে ৩৩৮০ জন। পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৯২৯ জন। এ পর্যন্ত ঢাকায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ৩২৫৯ জন। এরপর রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে রোগী পাওয়া গেছে। আর সবচেয়ে বেশি সন্দেহজনক মৃত্যুর সংখ্যা রাজশাহীতে এবং দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ঢাকাতে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান জানিয়েছেন, ‘মৃতদের বেশিরভাগেরই পুষ্টিহীনতা ছিল। সমন্বিত কার্যক্রমের মাধ্যমে কীভাবে এই পুষ্টিহীনতা দূর করা যায়, সরকার সেই দিকেই নজর দিচ্ছে।

পুষ্টিহীনতায় রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকা শিশুর হামের কারণে নিউমোনিয়া হচ্ছে এবং এতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে । হামজনিত নিউমোনিয়া শ্বাসকষ্টের চিকিৎসায় ও শিশুমৃত্যু রোধে দেশব্যাপী সম্প্রসারিত হচ্ছে আইসিডিডিআর,বির উদ্ভাবিত ‘বাবল সিপ্যাপ’।  ইতিমধ্যেই এটি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আইসিডিডিআর,বির সহায়তায় চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং নতুন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে শিশুমৃত্যু কমানোর চেষ্টা চলছে।

ভোরের আকাশ/এনএস

দেশ জুড়ে হামের প্রাদুর্ভাব: পুষ্টিহীনতায় বাড়ছে মৃত্যু | স্বাস্থ্য কথা | ভোরের আকাশ