দুর্নীতি ও ভুল নীতিতে স্বাস্থ্যখাত ভেঙে পড়েছে : প্রতিমন্ত্রী

ছবি- ভোরের আকাশ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (২০ এপ্রিল) দেশব্যাপী হাম টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ার জন্য অতীতের দুর্নীতি ও পরবর্তী সরকারের ভুল নীতিকে দায়ী করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি এবং টিকাদান কর্মসূচিতে নীতিগত ভুলের কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের সময় সরকার একটি ভগ্নপ্রায় স্বাস্থ্যব্যবস্থা পেয়েছে, যেখানে পুরনো ও অকেজো যন্ত্রপাতি, চিকিৎসার অনুপযোগী পরিবেশ এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাহীনতা ছিল প্রকট। তার মতে, এসব সমস্যার কারণেই হামের মতো সংক্রামক রোগের বিস্তার বেড়েছে।
তিনি বলেন, সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই হামের প্রাদুর্ভাব শুরু হয়, যা অতীতের দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফল। সময়মতো টিকা দেওয়া হলে এই রোগ সহজেই প্রতিরোধ করা যেত, কিন্তু তা না হওয়ায় অনেক শিশু আক্রান্ত হয়েছে।
বর্তমান সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রথমে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ টিকাদান কার্যক্রম চালানো হয়েছে, যেখানে ইতোমধ্যে প্রায় ১০ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি সিটি কর্পোরেশন এলাকাগুলোতেও কয়েক লাখ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।
আগামী এক মাসের মধ্যে দেশের প্রায় ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। যথাযথ উদ্যোগের মাধ্যমে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা



